প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
শাবিপ্রবিতে ভর্তিচ্ছুদের সেবায় ছাত্র সংগঠনগুলো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় মাঠে নেমেছে ছাত্রদল ও শিবিরসহ বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে 'এ' ইউনিটের পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের নানা সেবা প্রদান করা হয়। এবারের পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৫৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা ও সিলেটের মোট ১৮টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এই ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে শাবিপ্রবি শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রী সংস্থা ও ছাত্র মজলিস। এছাড়া বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনও এই সেবামূলক কার্যক্রমে অংশ নিয়েছে। হেল্প ডেস্কগুলো থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, দিকনির্দেশনা এবং কলম ও পানির মতো জরুরি শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে।
শাখা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে এবং শাখা শিবির যাতায়াতের জন্য ফ্রি ‘বাইক সার্ভিস’ ও অভিভাবকদের জন্য আলাদা লাউঞ্জের ব্যবস্থা করেছে। সংগঠনগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন, দুই দিনব্যাপী এই ভর্তি পরীক্ষার পুরো সময় জুড়ে তাদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর চাপে ক্যাম্পাসে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকেও নজর রাখছেন তারা।
Copyright © 2026 All rights reserved.