প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
গণভোটে ‘না’ জয়ী হলে ব্যর্থ হবে অভ্যুত্থান: নাহিদ
সংবিধান সংস্কারের গণভোটে ‘না’ জয়ী হলে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোটের প্রচারণামূলক ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। তিনি দেশের সব রাজনৈতিক দলকে সংস্কারের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান।
প্রচারণা অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, এই গণভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার ভোট। একটি বিশেষ রাজনৈতিক দল ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘না’ ভোট পাস হওয়া মানে স্বৈরাচারী শক্তির ফিরে আসার পথ প্রশস্ত করা। দেশের মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্য কোথাও ভোট না দিলেও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে যেন সবাই ‘হ্যাঁ’ ভোট প্রদান করেন।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো বর্তমান সমস্যার দিকে ইঙ্গিত করে তিনি সতর্ক করেন যে, এই সংস্কার উদ্যোগ ব্যর্থ হলে দেশ পুনরায় পূর্বের বিশৃঙ্খল ব্যবস্থায় ফিরে যাবে। অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নির্বাচন পর্যন্ত সারা দেশে তাদের এই প্রচারণা ক্যারাভ্যান কর্মসূচি অব্যাহত থাকবে। মূলত জুলাই জাতীয় সনদে উল্লিখিত রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলোকে স্থায়ী রূপ দিতেই জনগণের কাছ থেকে এই ‘হ্যাঁ’ ভোট আশা করছে এনসিপি।
Copyright © 2026 All rights reserved.