প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
বহিষ্কারাদেশ প্রত্যাহার: বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিতে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এ কে একরামুজ্জামান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনার পর তিনি আসন্ন সংসদ নির্বাচন থেকে নিজের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
সৈয়দ এ কে একরামুজ্জামান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তবে ২০২৪ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ওই নির্বাচনে জয়লাভের পর তিনি আওয়ামী লীগে যোগ দিলেও পরবর্তীতে পদত্যাগ করেন বলে দাবি করেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে সাতটি মামলা দায়ের হয়। সম্প্রতি তিনি পুনরায় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের সৃষ্টি হয়।
গত ৮ জানুয়ারি এক ভিডিও বার্তায় একরামুজ্জামান জানান, তারেক রহমানের নির্দেশনায় এবং খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তার এই ত্যাগের স্বীকৃতিস্বরূপ দল আজ তার বহিষ্কারাদেশ তুলে নিল। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। একরামুজ্জামানের এই প্রত্যাবর্তন নাসিরনগর এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
Copyright © 2026 All rights reserved.