প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
ভোটের মাঠে ফিরলেন আরও ৫৩ প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিনে বড় জয় পেয়েছেন ৫৩ জন প্রার্থী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে তাদের আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে রিটার্নিং কর্মকর্তার হাতে বাতিল হওয়া এসব প্রার্থী এখন নির্বাচনী লড়াইয়ে ফিরতে পারবেন। একই দিনে ১৭ জন প্রার্থীর আবেদন নামঞ্জুর করেছে কমিশন।
রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৭০টি আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দিনভর চুলচেরা বিশ্লেষণের পর ৫৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গত চার দিনের শুনানিতে এখন পর্যন্ত মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেন।
উল্লেখ্য, মনোনয়ন বাছাইয়ের সময় সারাদেশে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি আবেদন বাতিল করেছিলেন, যার বিপরীতে কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই শুনানি প্রক্রিয়া চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। বাদ পড়া প্রার্থীদের জন্য নির্বাচন কমিশনের এই আপিল শুনানিই হচ্ছে প্রার্থিতা ফিরে পাওয়ার সর্বশেষ আইনি ধাপ।
Copyright © 2026 All rights reserved.