প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
জবাবদিহিহীন কাঠামোতে অধিকার মিলবে না: তাসনিম জারা
জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সাংবিধানিক কাঠামোতে এমপিদের হাত-পা বাঁধা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ নয়। ফলে রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিদের দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কার্যকর পথ খোলা নেই।
আগারগাঁওয়ে ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে ডা. জারা বিদ্যমান সমাজব্যবস্থার গণতান্ত্রিক দুর্বলতাগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে এমপিরা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না, যা তাদের স্বাধীন জনপ্রতিনিধি হিসেবে কাজ করার পথে বড় বাধা।
এছাড়া প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা দুর্নীতি করলে তাদের জবাবদিহি নিশ্চিত করার মতো প্রতিষ্ঠানগুলোও স্বাধীন নয়। কারণ, দুর্নীতি দমন কমিশন বা মানবাধিকার কমিশনের মতো সংস্থার প্রধানদের নিয়োগ প্রক্রিয়ায় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে।
তিনি আরও বলেন, যখন নিয়োগকর্তারাই জবাবদিহির আওতায় থাকেন, তখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। বিশেষ করে প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে বিচার পাওয়া অসম্ভব হয়ে পড়ে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এই 'নিয়োগ ও জবাবদিহি'র কাঠামোগত পরিবর্তন না আনলে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
Copyright © 2026 All rights reserved.