প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
ষড়যন্ত্র করে ধানের শীষকে আটকানো যাবে না: রাশেদ খান
ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান বলেছেন, এই এলাকা জাতীয়তাবাদের উর্বর ভূমি এবং এখানে ধানের শীষের বিজয় নিশ্চিত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কালীগঞ্জে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, কোনো চক্রান্তই জনগণের এই রায় রুখতে পারবে না। একইসাথে তিনি দলের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের সতর্ক করে দিয়ে বলেন, তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা কারো জন্যই শুভ হবে না।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজের স্বতন্ত্র প্রার্থিতার দিকে ইঙ্গিত করে রাশেদ খান বলেন, ঝিনাইদহ-৪ আসনে তাকে দল মনোনীত করেছে সরাসরি তারেক রহমানের নির্দেশে। এই সিদ্ধান্তকে অমান্য করা মানে দলের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ করা, যা যেকোনো নেতার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য আত্মঘাতী হতে পারে। ব্যক্তিগত রাগ-ক্ষোভ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
রাশেদ খান আরও উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে শেষ পর্যন্ত বিএনপিরই ক্ষতি হবে। তিনি চান না কোনো সহযোদ্ধা সাংগঠনিক শাস্তির মুখে পড়ুক। তার মতে, এবার ব্যক্তিকে নয় বরং প্রতীককে প্রাধান্য দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লড়াইয়ে নামতে হবে। শুধু নিজের আসনেই নয়, সারা দেশের সংক্ষুব্ধ নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে এমন কিছু করা যাবে না যা দলের বিজয়কে বাধাগ্রস্ত করে।
Copyright © 2026 All rights reserved.