প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ায় নিহত ২২
থাইল্যান্ডে ভয়াবহ এক দুর্ঘটনায় চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের বগির ওপর নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে পড়েছে। এ মর্মান্তিক ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। খবর রয়টার্স, বিবিসি ও আল জাজিরা। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্রেনটি।
স্থানীয় পুলিশ রয়টার্সকে জানিয়েছে, একটি উচ্চগতির রেল প্রকল্পে কাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটির ওপর। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং ট্রেনটির কিছু অংশে আগুন ধরে যায়।
থাই পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে পরিণত ট্রেনের বগি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থাই রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.