প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
ইরানে হত্যা বন্ধের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে: দাবি ট্রাম্পের
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ করার বিষয়ে আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং এ বিষয়ে তাকে নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে ট্রাম্পের দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ইরানের গুরুত্বপূর্ণ সূত্র এমনটা আশ্বস্ত করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এ ধরনের দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি।
তিনি জানান, পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই।
এছাড়া ইরানের সামরিক বাহিনী বর্তমানে প্রতিরক্ষামূলক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে আছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সর্বশেষ, ট্রাম্পের এই দাবির কথা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির ফাঁসি স্থগিত করেছে দেশটির সরকার।”
Copyright © 2026 All rights reserved.