প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে রহস্য
মাদারীপুরের শিবচরে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের জন্মান্ধ স্বামী আবুল মৃধা (৭৫) স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলেও ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মনে গভীর সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। বৃদ্ধ স্বামী নিজেই হত্যার দায় স্বীকার করলেও গ্রামবাসী বিষয়টি সহজভাবে নিচ্ছেন না।
স্থানীয়দের দাবি, একই ঘরে নিহতের দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া ঘুমিয়ে ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকাসক্তি ও চুরিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। ঘটনার পর ছেলেদের অস্বাভাবিক আচরণ এবং একজন জন্মান্ধ বৃদ্ধের পক্ষে একা এমন হত্যাকাণ্ড ঘটানো সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
তাদের ধারণা, ছেলেদের অপরাধ ঢাকতে বৃদ্ধ বাবা দায় নিজের ঘাড়ে নিচ্ছেন কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করতে সব ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে।
হৃদয় রায় সজীব/রাজধানী
Copyright © 2026 All rights reserved.