প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
৫ বছরের শিশুর বুকে মিলল ভ্রুণ
পাকিস্তানের রহিম ইয়ার খান শহরে এক বিরল চিকিৎসাসেবা আলোচনায় এসেছে। ৫ বছর বয়সী শিশু রেহানের বুকের ভেতর থেকে আরেকটি অপরিণত শিশুর ভ্রুণ (ফিটাস ইন ফিটু) সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে পাঁচ লাখে একজনের ক্ষেত্রে ঘটা এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে শেখ জায়েদ মেডিকেল কলেজ হাসপাতালে।
দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসকষ্টে ভুগতে থাকা রেহানকে হাসপাতালে ভর্তি করা হলে স্ক্যানের মাধ্যমে চিকিৎসকরা তার হৃদযন্ত্রের কাছে আংশিক বিকশিত একটি ভ্রুণ শনাক্ত করেন। সার্জন ডা. সুলতান মাহমুদের নেতৃত্বে অত্যন্ত সতর্কতার সাথে অস্ত্রোপচার করে মৃত ভ্রুণটি বের করে আনা হয়।
সাধারণত এ ধরনের ভ্রুণ পেটের ভেতরে পাওয়া গেলেও বুকের ভেতর এর অবস্থান বিশ্বজুড়ে অত্যন্ত বিরল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রেহানের মা জানান, এর আগে অনেক চিকিৎসক সমস্যাটি ধরতে পারেননি। সফল অস্ত্রোপচারের পর শিশুটি এখন সুস্থতার পথে। হাসপাতাল কর্তৃপক্ষ এই সাফল্যকে তাদের চিকিৎসকদের বড় অর্জন হিসেবে দেখছে।
Copyright © 2026 All rights reserved.