প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
মার্কিন ভিসা স্থগিত: ওয়াশিংটনের সাথে যোগাযোগ ঢাকার
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা স্থগিতের মার্কিন ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিস্তারিত জানতে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। এই স্থগিতাদেশের প্রভাব ও পরবর্তী করণীয় নির্ধারণে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়ার পর বাংলাদেশ প্রতিক্রিয়া জানাবে। ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির আওতায় জানানো হয়েছে যে, যেসব দেশের অভিবাসীরা 'অগ্রহণযোগ্য হারে' মার্কিন সরকারি সুবিধা গ্রহণ করছেন, তাদের জন্যই এই ভিসা স্থগিতাদেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, নতুন অভিবাসীরা আমেরিকার ওপর অর্থনৈতিক বোঝা হবেন না—এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এই আকস্মিক ঘোষণায় পারিবারিক বা কর্মসংস্থানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গমনেচ্ছু বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থগিতাদেশের সুনির্দিষ্ট সময়সীমা ও আওতা জানার চেষ্টা চলছে। বাংলাদেশের নাগরিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্ত্রণালয় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.