প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যাখ্যা দেবে সরকার: রিজওয়ানা
আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট ও সাধারণ নির্বাচনকে সামনে রেখে জনগণের বিভ্রান্তি দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ‘হ্যাঁ’ ভোট দিলে জনগণ কী পাবে এবং ‘না’ ভোট দিলে কী হারাবে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সংস্কারের পক্ষে রায় দিতে দেশবাসীকে আহ্বান জানান।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটি পক্ষ আইনশৃঙ্খলা ও নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংশয় ছড়াচ্ছে। তবে দেশের সচেতন মানুষ এসব প্রোপাগান্ডায় পা না দিয়ে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে ভোটে অংশ নেবে। তিনি স্পষ্ট করেন, কেউ যদি ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে চায়, তবে সেটি তাদের দলীয় সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সরকার পরিবর্তনের পক্ষে জনমত গঠন করবে।
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট এলাকায় ব্যত্যয় ঘটলে নির্বাচন কমিশনকে জানাতে হবে এবং কমিশনের নিজস্ব আইনেই প্রতিকার দেওয়ার বিধান রয়েছে। সরকার নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। গণভোট ও সাধারণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘমেয়াদী সংস্কারের পথে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
Copyright © 2026 All rights reserved.