প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
বিপিএলের দ্বিতীয় ম্যাচটিও স্থগিত
বিপিএলের ঢাকা পর্বের উদ্বোধনী দিনের দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের অপসারণের দাবিতে ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে দুপুর ১টার প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচটিও মাঠে গড়ায়নি। বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা ছিল। পরবর্তী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মাঠে নামার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে কোনো দলই মাঠে নামেনি। বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হলেও ক্রিকেটাররা তাঁর পূর্ণ অপসারণ বা পদত্যাগের দাবিতে অটল রয়েছেন। এই অস্থিরতার কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোনো ম্যাচই অনুষ্ঠিত হতে পারেনি।
বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, খেলোয়াড়দের সাথে আলোচনা চলছে এবং দ্রুতই পরবর্তী সূচি বা সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে। মূলত বড় একটি সংকটের মুখে পড়ল এবারের বিপিএল আসর।
Copyright © 2026 All rights reserved.