প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
নির্বাচনে বিঘ্ন ঘটলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে: দুদু
আগামী সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব চরম ঝুঁকির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটাতে। তিনি প্রধান উপদেষ্টাকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব পালনের আহ্বান জানান।
জাতীয়তাবাদী পেশাজীবী দলের কম্বল বিতরণ অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, ১৬-১৮ বছর ধরে বেগম খালেদা জিয়ার আন্দোলনের মূল লক্ষ্যই ছিল একটি অবাধ নির্বাচন। তিনি আক্ষেপ করে বলেন, দেশে লাখ লাখ বেকার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এই সংকট সমাধানে তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার গঠন জরুরি। দুদু আরও উল্লেখ করেন, গত ১৭-১৮ মাসেও দ্রব্যমূল্য না কমা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে অভিযোগ করা দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু অভিযোগ না করে সরকারের সাথে আলোচনা করে সমাধান বের করতে হবে। পরিশেষে তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন।
Copyright © 2026 All rights reserved.