প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি দিতে একটি বিশেষ অধ্যাদেশের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে গেজেট জারির মাধ্যমে এটি কার্যকর করা হবে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই নতুন অধ্যাদেশ সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানকারীদের অবদান অনস্বীকার্য। তাদের প্রতি সরকারের যে প্রতিশ্রুতি ছিল, তা পূরণের লক্ষ্যেই এই ‘দায়মুক্তি ও আইনি সুরক্ষা অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়েছে।
এর ফলে গণঅভ্যুত্থান চলাকালীন বিপ্লবীদের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে কোনো আইনি হয়রানি বা মামলা করার সুযোগ থাকবে না। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এই অধ্যাদেশটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2026 All rights reserved.