প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
২৫০ আসনে জামায়াত জোটের প্রার্থী ঘোষণা রাতে
নির্বাচনী আসন ভাগাভাগি নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সমঝোতায় পৌঁছেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে জোটে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আপাতত ৫০টি আসন খালি রাখা হয়েছে। চরমোনাই পীরের দলের সাথে চূড়ান্ত আলোচনার পর ওই আসনগুলোর ফয়সালা হবে।
বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১০ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের নতুন নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’। যদিও ইসলামী আন্দোলন এই বৈঠকে সরাসরি উপস্থিত ছিল না, তবে তাদের জন্য মর্যাদাপূর্ণ ৫০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, রাত ৮টার সংবাদ সম্মেলনে সকল দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র জানায়, মাওলানা মামুনুল হকের মধ্যস্থতায় ইসলামী আন্দোলনকে জোটে ধরে রাখার চেষ্টা চলছে। মামুনুল হক আগে থেকেই সতর্ক করেছিলেন যে, ইসলামী আন্দোলনকে ছাড়া তিনি জোটে থাকবেন না। শেষ মুহূর্তে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে (৪০ বনাম ৫০) যে দ্বন্দ্ব ছিল, তা ৫০ আসন বরাদ্দের মাধ্যমে নিরসনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন অংশ না নিলে প্রাথমিকভাবে ২৫০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে এবং বাকি ৫০ আসন নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
Copyright © 2026 All rights reserved.