প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
উত্তরায় ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত ৬
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ১৮ নম্বর সড়কের একটি ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে ধোঁয়ায় দমবন্ধ হয়ে তারা মারা যান বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটি থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দোতলা ও তিনতলা মিলে ডুপ্লেক্স হওয়ায় এবং কাঠের সিঁড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে ৫তলার ভাড়াটিয়া ফল ব্যবসায়ী হারিস হোসাইন, তার ছেলে ও ভাতিজি রয়েছেন; তারা ছাদে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও গেট তালাবদ্ধ থাকায় সিঁড়িতেই আটকা পড়েন। অন্য মৃতরা হলেন ফজলে রাব্বী, আফসানা ও আড়াই বছরের শিশু রিসান।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং সকাল ১০টায় তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়। উদ্ধারকৃতদের কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস জানায়, ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় ধোঁয়া ও আগুনের তীব্রতা বেশি ছিল। ভবন মালিক অগ্নিকাণ্ডের কিছুক্ষণ আগেই ঢাকার বাইরে চলে যাওয়ায় তিনি অক্ষত রয়েছেন।
Copyright © 2026 All rights reserved.