প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ঘোষণা
গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি এই ঐতিহাসিক পদক্ষেপের কথা জানান। এই বোর্ড গাজার অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি সরকারকে সহায়তা করবে এবং হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই বোর্ড গঠিত হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, এটি হবে বিশ্বের অন্যতম শক্তিশালী ও মর্যাদাপূর্ণ কমিটি। বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি গাজা পরিচালনার জন্য নবগঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এই পরিকল্পনার আওতায় মিশর, তুরস্ক ও কাতারের সহযোগিতায় হামাসের সাথে একটি বড় ধরণের নিরস্ত্রীকরণ চুক্তি করা হবে। যার মাধ্যমে হামাসকে তাদের সমস্ত সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস এবং অস্ত্র সমর্পণ করতে হবে।
হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, অবিলম্বে জিম্মিদের মরদেহ হস্তান্তর ও নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু না করলে সংগঠনটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এদিকে রয়টার্স জানিয়েছে, এই বোর্ডে জাতিসংঘের সাবেক দূত নিকোলাই নিয়াদেনভের মতো প্রভাবশালী ব্যক্তিরা থাকতে পারেন।
গাজার সম্ভাব্য প্রশাসনিক প্রধান আলী শায়াথ জানিয়েছেন, এই বোর্ডের অধীনে পুনর্গঠন কাজ শুরু হলে মাত্র ৩ বছরের মধ্যে গাজাকে আগের অবস্থায় ফেরানো সম্ভব। যদিও জাতিসংঘের মতে, ধ্বংসপ্রাপ্ত গাজা পুরোপুরি পুনর্গঠনে ২০৪০ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।
Copyright © 2026 All rights reserved.