প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
নভোচারীর অসুস্থতায় নাসার মিশন স্থগিত
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) কর্মরত এক নভোচারী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সময়ের এক মাস আগেই ‘ক্রু-১১’ মিশন শেষ করল নাসা।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে চার নভোচারীকে নিয়ে স্পেসএক্সের একটি ক্যাপসুল প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেছে। নাসার ইতিহাসে স্বাস্থ্যগত কারণে মিশন আগেভাগে শেষ করার ঘটনা এটাই প্রথম।
গত আগস্টে শুরু হওয়া এই মিশনে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জিনা কার্ডম্যান ও মাইক ফিঙ্কে, জাপানের কিমিয়া ইউই এবং রাশিয়ার ওলেগ প্লাটোনভ। ১৬৭ দিন মহাকাশে কাটানোর পর তারা স্পেসএক্সের ‘ইন্ডেভার’ ক্যাপসুলে করে পৃথিবীতে ফেরেন। সাধারণত এই মিশনগুলো ছয় মাসের হলেও, গত ৭ জানুয়ারি এক নভোচারীর হঠাৎ অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান।
গোপনীয়তার স্বার্থে নাসা অসুস্থ নভোচারীর নাম বা রোগের ধরণ প্রকাশ করেনি। তবে নাসার প্রধান চিকিৎসা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, কোনো যান্ত্রিক দুর্ঘটনা নয় বরং শারীরিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবতরণের পর ক্যালিফোর্নিয়া উপকূলে নভোচারীদের স্বাগত জানানো হয়। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। উল্লেখ্য, ২০০০ সাল থেকে মহাকাশ স্টেশনে যৌথ গবেষণার মাধ্যমে চাঁদ ও মঙ্গল গ্রহে মানব অভিযানের প্রস্তুতি চালাচ্ছে বিশ্ব।
Copyright © 2026 All rights reserved.