প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
গাজা থেকে হামাস হটাতে ট্রাম্পের নতুন ছক
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাসকে চিরতরে হটিয়ে সেখানে একটি প্রযুক্তি নির্ভর বা 'টেকনোক্র্যাটিক' শাসন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এই বিশেষ প্রশাসনিক কাঠামোর কথা জানিয়েছেন, যার নাম দেওয়া হয়েছে ‘বোর্ড অব পিস’। জ্যারেড কুশনারসহ শীর্ষ কর্মকর্তারা এই পরিকল্পনার সাথে সরাসরি যুক্ত রয়েছেন।
ফ্লোরিডার এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ জানান, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ ইতোমধ্যে শুরু হয়েছে। এই ধাপের মূল লক্ষ্য হলো গাজাকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা এবং যুদ্ধের পর এলাকাটিকে নতুন করে পুনর্গঠন করা। যুক্তরাষ্ট্র চায় গাজায় এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলতে যেখানে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না।
জিম্মি মুক্তি প্রসঙ্গে উইটকফ বলেন, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফেরাতে এই ‘বোর্ড অব পিস’ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপের ফলে গাজার ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.