প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
দুবাইয়ে ইতিহাসের সর্ববৃহৎ ‘বিশ্ব সরকার সম্মেলন’
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনের (WGS) ইতিহাসের সবচেয়ে বড় আসর। তিন দিনের এই মেগা ইভেন্টে ৩৫ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানসহ বিশ্বের প্রভাবশালী নেতা, প্রযুক্তিবিদ ও নোবেল বিজয়ীরা অংশ নেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব ও বৈশ্বিক অর্থনীতি নিয়ে আলোচনার পাশাপাশি এই সম্মেলনে সেরা সরকার ও মন্ত্রীদের বিশেষ সম্মাননা দেওয়া হবে।
দুবাইয়ের মদিনাত জুমেইরাতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের ঘোষণা দিয়ে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদ বিষয়কমন্ত্রী মোহাম্মদ আল-গারগাওয়ি জানান, এবারের আয়োজনটি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। সম্মেলনে মিসরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ বিশ্বনেতারা উপস্থিত থাকবেন। মূল অনুষ্ঠানের পাশাপাশি ২৪টি পার্শ্ব ইভেন্টে শিক্ষা, স্থায়িত্ব এবং আধুনিক প্রযুক্তি নিয়ে বিশদ আলোচনা হবে।
২০১৩ সালে শুরু হওয়া এই প্ল্যাটফর্মটি মূলত সরকারি অভিজ্ঞতা ও উদ্ভাবন বিনিময়ের একটি বৈশ্বিক কেন্দ্র। এবারের সম্মেলনে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া নোবেল বিজয়ীদের এক বিশাল সমাবেশ এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে। ৪টি বিভাগে বিশেষ পুরস্কার প্রদানের মাধ্যমে উদ্ভাবনী সরকারি কর্মকাণ্ডকে উৎসাহিত করা হবে এই আসরে।
Copyright © 2026 All rights reserved.