প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
ইরান ছাড়ল নিউজিল্যান্ডের কূটনীতিকরা, দূতাবাস বন্ধ
ইরানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে নিউজিল্যান্ড।
শুক্রবার (১৬ জানুয়ারি) এক জরুরি বিবৃতিতে নিউজিল্যান্ড সরকার জানায়, সব কূটনীতিককে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে ইরানের যাবতীয় কূটনৈতিক কার্যক্রম তুরস্কের আঙ্কারা থেকে পরিচালিত হবে।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসের কর্মীরা বাণিজ্যিক বিমানে করে নিরাপদেই ইরান ত্যাগ করেছেন। দেশটির অভ্যন্তরীণ অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার তাদের নাগরিকদের ইরানে যেকোনো ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এবং বর্তমানে যারা সেখানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ইরানে থাকা নিউজিল্যান্ডের নাগরিকদের কনস্যুলার সহায়তা দেওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দূতাবাস বন্ধ হওয়ায় সেখানে অবস্থানরত কিউইদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেহরানে পুনরায় দূতাবাস খোলার কোনো সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.