প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন শহীদ হাদির ভাই
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে ‘দ্বিতীয় সচিব’ পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্য সব প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক। নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
উল্লেখ্য, গত জুলাই গণ-অভ্যুত্থানের পর আলোচিত রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’ গঠন করেছিলেন শরীফ ওসমান বিন হাদি। গত ১২ ডিসেম্বর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় কবির সমাধির পাশে শায়িত এই বীরের জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল। তার বড় ভাই ওমর বিন হাদির এই নিয়োগকে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের প্রতি সরকারের সম্মান ও স্বীকৃতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.