প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নাগরিক শোকসভা
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় এক অরাজনৈতিক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শুরু হওয়া এই সভায় দলমত নির্বিশেষে দেশের বরেণ্য ব্যক্তি, বিশিষ্ট নাগরিক ও বিদেশি কূটনীতিকরা অংশ নিয়েছেন। শোকসভায় রাজনৈতিক ভাষণ এড়িয়ে বিশিষ্টজনেরা মরহুমা নেত্রীর আপসহীন সংগ্রাম ও মানবিক গুণাবলীর স্মৃতিচারণ করছেন।
বেলা ৩টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াত ও শোকগাথা পাঠের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকলেও পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছেন না। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আসিফ নজরুল তাকে ‘সাধারণ মানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করেন। এছাড়া বিভিন্ন পেশাজীবী, গবেষক ও ধর্মীয় প্রতিনিধিরা তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও কারান্তরীণ সময়ের ধৈর্যের কথা তুলে ধরেন।
পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের অধিকার রক্ষায় বেগম জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং বিদেশি কূটনীতিকরা শোক বইয়ে সই করে শ্রদ্ধা নিবেদন করেন। তারেক রহমান ব্যক্তিগতভাবে কোনো ভাষণ না দিলেও পরিবারের পক্ষ থেকে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সভাস্থল ঘিরে সেনাবাহিনী, পুলিশ ও র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করা এই মহীয়সী নেত্রীর শোকসভাকে ঘিরে পুরো সংসদ ভবন এলাকায় এক আবেগঘন ও শোকাতুর পরিবেশ বিরাজ করছে।
Copyright © 2026 All rights reserved.