নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মো. আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ খালে ফেলা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি)
সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় । এ তথ্য নিশ্চিত করেছেন
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক।
নিহত মো : আলীর (৩২ বছর)
ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে
পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই
নুর আলম সিদ্দিকী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের খালে ড্রাম ভাসতে
দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা থানায় খবর দিলে পুলিশ ড্রামটি তীরে এনে খোলার পর ভেতরে
মরদেহ দেখতে পায়।
ওসি আব্দুল বারিক বলেন,
“নীল রঙের ড্রামটির ভেতর একটি রশি পাওয়া গেছে। এছাড়া নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন
দেখা গেছে। আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, “ওই ব্যক্তিকে
হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর লাশ ভরে খালে ফেলা হয়েছে বলে ধারণা করছি।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”