প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ৫ হাজার নিহত
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক সহিংসতায় অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। দেশটির একজন কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। কুর্দি অধ্যুষিত অঞ্চলে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটলেও বিক্ষোভের নেপথ্যে বিদেশি মদদ রয়েছে বলে দাবি করছে তেহরান।
ইরানি কর্মকর্তার দাবি অনুযায়ী, এই বিপুল প্রাণহানির জন্য ‘সন্ত্রাসবাদী ও সশস্ত্র দাঙ্গাকারীরা’ সরাসরি দায়ী। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয় অবস্থানের কারণে সেখানে সংঘাত চরম আকার ধারণ করে। তেহরান বরাবরই এই অস্থিরতার জন্য ইসরায়েল এবং বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অভিযুক্ত করে আসছে। তাদের দাবি, বাইরে থেকে বিক্ষোভকারীদের সরঞ্জাম ও সমর্থন দেওয়া হচ্ছে।
তবে নিহতের সংখ্যা নিয়ে সরকারি ভাষ্য ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যে বড় ধরনের গরমিল রয়েছে। মানবাধিকার সংস্থা 'এইচআরএএনএ' জানিয়েছে, এখন পর্যন্ত ৩ হাজারের বেশি নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে এবং আরও ৪ হাজার মৃত্যু পর্যালোচনার অধীনে রয়েছে। সংস্থাটির দাবি, বিক্ষোভে এ পর্যন্ত ২৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিলেও নির্বাসিত নেতা রেজা পাহলভির জনসমর্থন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
Copyright © 2026 All rights reserved.