প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
মাদারীপুর দুর্ঘটনায় প্রাণ গেল ৫ কিষাণীসহ ৭ জন
মাদারীপুরের ঘটকচরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত সাতজনের মধ্যে পাঁচজনই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাইকেরবাড়ী গ্রামের নারী শ্রমিক।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একই গ্রামের পাঁচ কিষাণীর মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ নারী দিনমজুরের কাজ করতে মাদারীপুরে গিয়েছিলেন। কাজ শেষে ইজিবাইকে করে ফেরার পথে ঘটকচর এলাকায় ‘সার্বিক পরিবহন’-এর একটি বাসের সাথে তাদের ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলালী বাড়ৈ (৪২), অমিতা বাড়ৈ (৫৩), আভা বাড়ৈ (৬৫), শেফালী বাড়ৈ (৪৫) ও কামনা বাড়ৈর।
স্থানীয়রা জানান, অভাবের তাড়নায় জীবিকার তাগিদে প্রতিদিন ভোরে এই নারীরা পাশের জেলায় কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে যেতেন। কিন্তু রোববারের সেই যাত্রা যে তাদের শেষ যাত্রা হবে, তা কল্পনাও করতে পারেনি স্বজনরা। সোমবার সকালে মরদেহগুলো গ্রামে পৌঁছালে কান্নার রোলে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক হিসেবে বর্ণনা করেছেন। শোকাতুর এলাকাবাসী নিহতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।
Copyright © 2026 All rights reserved.