প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
দেশের অর্থনীতি এখন আইসিইউ থেকে কেবিনে: সালেহউদ্দিন আহমেদ
দেশের অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়ে এসেছে জানিয়ে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতি এখন আর আইসিইউতে নেই, একে কেবিনে স্থানান্তর করা সম্ভব হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, সরকার বর্তমানে পে-স্কেল সংস্কারসহ বিভিন্ন অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে কাজ করছে।
চাঁদপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় ড. সালেহউদ্দিন আহমেদ দেশের বর্তমান অর্থনৈতিক ও নির্বাচনী পরিবেশ নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতির উন্নতি হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় এবং সরকার এর বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে, যদিও এর জন্য বিপুল অর্থের প্রয়োজন।
আসন্ন নির্বাচন ও গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমানে কোনো রাজনৈতিক চাপ বা পেশিশক্তির ভয় নেই। টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ হয়েছে। তিনি বিশ্বাস করেন, সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হবে এবং যোগ্য ব্যক্তিরাই দেশ পরিচালনার দায়িত্ব পাবেন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.