প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
গুলশানে তারেক রহমানের সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তারেক রহমান ও কানাডীয় হাইকমিশনার একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়েও অনানুষ্ঠানিক মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদী আমিন।
কূটনৈতিক মহলের মতে, জাতীয় নির্বাচনের আগে এই ধরনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের আগামীর রাজনৈতিক ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে।
Copyright © 2026 All rights reserved.