প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
পাকিস্তানে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
পাকিস্তানের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন এলাকায় ৫.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) গিলগিট-বালতিস্তান, পেশোয়ার এবং খাইবার-পাখতুনখোয়াসহ বিস্তীর্ণ এলাকা এই কম্পনে কেঁপে ওঠে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১ কিলোমিটার নিচে, তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চল। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মাটির প্রায় ৩১ কিলোমিটার গভীরে এই কম্পন তৈরি হয়। কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
উল্লেখ্য, এ নিয়ে চলতি মাসেই দ্বিতীয়বার পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো। এর আগে গত ৯ জানুয়ারি দেশটির কিছু অংশে একই মাত্রার (৫.৮) ভূমিকম্প অনুভূত হয়েছিল। বারংবার এ ধরনের কম্পনে জনমনে আতঙ্ক বিরাজ করলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।
Copyright © 2026 All rights reserved.