প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে পাকিস্তানের অবস্থান: প্রস্তুতি বন্ধের নির্দেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে বিসিবির অনীহার প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বিসিবির সিদ্ধান্তকে যৌক্তিক আখ্যা দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের বিশ্বকাপের যাবতীয় প্রস্তুতি আপাতত স্থগিত ঘোষণা করেছে। আইসিসি যদি এই সংকটের সম্মানজনক সমাধান না করে, তবে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে বলে আভাস পাওয়া গেছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে আয়োজনের বিষয়ে বিসিবি আপত্তি জানানোর পর নতুন মোড় নিয়েছে ক্রিকেট রাজনীতি। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশের উদ্বেগকে সমর্থন জানিয়ে পাকিস্তান দলের প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এমনকি আইসিসি যদি বিসিবি-র ওপর জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ না করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।
এদিকে, সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হলেও আয়ারল্যান্ড তাতে রাজি না হওয়ায় বিষয়টি ঝুলে গেছে। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভেন্যু বা সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং আগামী ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। বিসিবি যদি শেষ পর্যন্ত ভারতে দল না পাঠায়, তবে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিকল্প পরিকল্পনাও চূড়ান্ত করে রেখেছে আইসিসি।
Copyright © 2026 All rights reserved.