প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
গণভোটই রুখবে ফ্যাসিবাদ: ধর্ম উপদেষ্টা
গণভোটের মাধ্যমে দেশে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিস্ট শাসনব্যবস্থা চিরতরে বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (১৯ জানুয়ারি) হবিগঞ্জে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার পুরনো সংস্কৃতি বদলাতে গণভোটই সবচেয়ে কার্যকর পথ। এই প্রক্রিয়ায় যুক্ত হলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠনে সরকারি ও বিরোধী দলের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।
হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে ধর্ম উপদেষ্টা দেশের ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, বাংলাদেশে একবার ক্ষমতায় বসলে তা দীর্ঘস্থায়ী করার প্রবণতা প্রবল। এই ধারা ভাঙতে গণভোট অপরিহার্য। তিনি মন্দির, গির্জা ও মসজিদের ইমামদের মাধ্যমে সাধারণ মানুষকে এই ভোট প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটি বিশেষ ভিডিও বার্তা ইমামদের সামনে প্রদর্শন করা হয়। উপদেষ্টা জানান, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে জনগণের সরাসরি রায় প্রয়োজন। সম্মেলনে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.