প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
নেপালকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩–০ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে সাবিনা, কৃষ্ণা ও লিপির গোলে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রয়েছে সাবিনা খাতুনের দল।
ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালকে চাপে রাখে বাংলাদেশ। খেলার ১৩ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন গোল করে দলকে লিড এনে দেন। এর ঠিক ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তারকা ফরোয়ার্ড কৃষ্ণা রানি সরকার। প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে সাবিনারা। ৩৩ মিনিটে লিপি আক্তার দলের হয়ে তৃতীয় গোলটি করলে নেপালের ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। এর আগে প্রথম ম্যাচে ভারতকে হারালেও ভুটানের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। আগামী বুধবার (২১ জানুয়ারি) লিগ পর্বের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা।
Copyright © 2026 All rights reserved.