প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
ভাঙ্গায় স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা
ফরিদপুরের ভাঙ্গায় স্বামীর সাথে কথা-কাটাকাটির জেরে স্বর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন স্বর্ণা ও রবিউল ইসলাম। সোমবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে স্বামী বাড়ি থেকে বের হয়ে গেলে স্বর্ণা নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে মরদেহ উদ্ধার করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Copyright © 2026 All rights reserved.