প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
সোনালি যুগে ফিরে গেলেন অমিত-শাবনূর
ঢাকাই সিনেমার দুই তারকা অমিত হাসান ও শাবনূর হঠাৎ সেই সোনালি যুগে ফিরে গেলেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ভুলোনা আমায়’ চলচ্চিত্রের কালজয়ী গান একদিকে পৃথিবী-তে সে সময় দর্শক মাতিয়েছিলেন অমিত-শাবনূর। ২৬ বছর পর আবার দেখা গেল একফ্রেমে, একই গানে পা মেলালেন তারা। মূলত, চিত্রনায়ক কাজী মারুফের সামাজিক মাধ্যমে আসা একটি লাইভ থেকে এই দৃশ্য দেখা যায় ।
চিত্রনায়িকা শাবনূর পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে থাকলেও বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে অবস্থান করা ঢাকাই সিনেমার মৌসুমীর সঙ্গেও দেখা করেন শাবনূর। এই দুই তারকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত সামনে আসতেই তখন ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উচ্ছ্বাস ও নস্টালজিয়া।
এবারও তার ব্যতিক্রম ঘটল না। আবরও সেই নস্টালজিয়ায় ফিরে গেলেন শাবনূর। সঙ্গে ছিলেন অমিত হাসান, কাজী মারুফরাও। সোমবার (১৯ জানুয়ারি ) সকালে ফেসবুকে খুবই অল্প সময়ের জন্যে লাইভে আসেন কাজী মারুফ। ২১ সেকেন্ড ধারণ করা হয় সেই লাইভ। তাতে দেখা যায়, ‘একদিকে পৃথিবী’ গান বাজছে, এর সঙ্গে তাল মিলিয়ে পা মেলাচ্ছেন অমিত-শাবনূর। সঙ্গে থাকা আরও অতিথিরাও তাদের সেই সোনালি নস্টালজিয়াকে ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।
ভিডিওটি প্রকাশ হতেই ভক্তরা প্রশংসায় ভাসায় এই তারকা জুটিকে। কেউ কেউ হঠাৎ তাদের একসঙ্গে দেখে চমকেও গেছেন।
জানা যায়, চিত্রনায়িকা শাবনূর ছেলে আইজানকে খুশি করতে যুক্তরাষ্ট্র সফরে যান। এর মধ্যে শাবনূর উদযাপন করেন তার ৪৬ তম জন্মদিনও। সে সময় প্রবাসী বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন জনপ্রিয় এই নায়িকা।
Copyright © 2026 All rights reserved.