প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
সব কেন্দ্র আসছে সিসি ক্যামেরার আওতায়: এনসিপিকে প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন ও গণভোট নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে তিনি আশ্বস্ত করেন যে, অধিকাংশ ভোটকেন্দ্র জানুয়ারির মধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে। এনসিপি নেতৃবৃন্দ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের নিরাপত্তা ও পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করেন। বৈঠকে এনসিপি নেতৃবৃন্দ নির্বাচনের পরিবেশ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করলে প্রধান উপদেষ্টা বলেন, নিরপেক্ষতা বজায় রাখতে লটারির মাধ্যমে মাঠ প্রশাসন সাজানো হয়েছে এবং পক্ষপাতিত্বের কোনো সুযোগ রাখা হয়নি। তিনি কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক সরকারকে জানানোর পরামর্শ দেন।
প্রধান উপদেষ্টা আরও জানান, গণভোটের প্রচার সরকার আইনসম্মতভাবেই করছে এবং দেশ সংস্কারে ‘হ্যাঁ’ ভোট কেন প্রয়োজন তা জনগণকে বোঝানো হচ্ছে। এনসিপি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মনিরা শারমিন ও জহিরুল ইসলাম মূসা। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, এবারের নির্বাচন দেশের ভাগ্য বদলের নির্বাচন, তাই এটি সুষ্ঠু ও উৎসবমুখর করতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা অপরিহার্য।
Copyright © 2026 All rights reserved.