প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
ধর্ম নিয়ে মুনাফিকি রাজনীতি বন্ধ করুন: মির্জা ফখরুল
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সরাসরি রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, যারা ধর্মের দোহাই দিয়ে ভোট চায় তারা আসলে মানুষকে ভুল বুঝিয়ে 'মুনাফিকি' করছে। তিনি আরও সতর্ক করেন যে, একটি চক্র সুপরিকল্পিতভাবে বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার চালাচ্ছে।
মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, যারা অতীতে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মা-বোনদের হানাদারদের হাতে তুলে দিয়েছিল, তারাই এখন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সংস্কার প্রসঙ্গে তিনি দাবি করেন, সরকার এখন যেসব সংস্কারের কথা বলছে, বিএনপি তা ৩১ দফার মাধ্যমে দুই বছর আগেই প্রস্তাব করেছিল। তিনি অভিযোগ করেন, কিছু বিষয়ে দ্বিমত থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে তারা ছাড় দিয়েছেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনই নির্ধারণ করবে দেশ কি উদার গণতান্ত্রিক পথে চলবে নাকি উগ্রপন্থার দিকে যাবে। বিএনপির বিপুল বিজয় ঠেকাতে যারা ষড়যন্ত্র করছে, তাদের জনপ্রিয়তা আসলে শূন্যের কোঠায়। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ তাদের সমুচিত জবাব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Copyright © 2026 All rights reserved.