প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
সরকারের জবাবদিহিতা নেই, সংকট বাড়ছে: রিজভী
অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতার অভাবে দেশে নানামুখী সংকট প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি বলেন, দেড় বছর পেরিয়ে গেলেও মানুষের কর্মসংস্থান হচ্ছে না এবং কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে।
রিজভী দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের ঢিলেঢালা অবস্থানের কারণে প্রতিদিন পরিস্থিতির অবনতি ঘটছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উন্নয়নের দায়িত্ব এখন নির্বাচন কমিশনের। তিনি আরও বলেন, বিগত সময়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল, যা ফিরিয়ে দিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, জাজিরা ও সদর উপজেলায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে আসা শতাধিক চিকিৎসক প্রায় পাঁচ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.