প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
প্রধান উপদেষ্টার উদ্যোগে প্রবাসীদের হাতে পোস্টাল ব্যালট
আসন্ন নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রবাসী বান্ধব নীতির অংশ হিসেবে এই বিশাল কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রায় ২ লাখ ভোটার ব্যালটের কিউআর কোড স্ক্যান করে তাদের সক্রিয়তা নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালটটি ডাকযোগে বাংলাদেশের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের আওতায় এই ডিজিটাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে।
ইসি আরও জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার নিবন্ধিত হয়েছেন। তবে সঠিক ঠিকানা না থাকায় প্রায় ৫ হাজার ব্যালট ফেরত এসেছে। এই প্রথম এত বড় পরিসরে প্রবাসীদের রাষ্ট্রীয় সিদ্ধান্তে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে দিল অন্তর্বর্তী সরকার।
Copyright © 2026 All rights reserved.