প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২০ জানুয়ারি) যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় তিনি এই নির্দেশনা দেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার।
সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের আগে জননিরাপত্তা নিশ্চিত করতে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও স্থাপনা থেকে ৫,৮২৯টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ বা ৪,৪২৮টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও ১,৩৬২টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় আড়াই লাখ গুলি এখনও নিখোঁজ রয়েছে।
প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন যে, নির্বাচনের আগে এই অস্ত্রগুলো উদ্ধার না হলে জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। উল্লেখ্য, এই অস্ত্রগুলো বর্তমানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও ছিনতাইয়ে ব্যবহার করা হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.