প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
ইউএপি অনির্দিষ্টকালের জন্য বন্ধ: এবার ভিসির পদত্যাগ দাবি
‘ধর্ম অবমাননা’ ও ‘হিজাব হেনস্তা’র অভিযোগে দুই শিক্ষককে বরখাস্তের পর এবার ভিসি অধ্যাপক কামরুল আহসানের পদত্যাগ দাবিতে উত্তাল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
আন্দোলনের মুখে সোমবার (২০ জনিুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করলেও মঙ্গলবার শিক্ষার্থীরা গ্রিন রোডে অবস্থান নিয়ে ১৬ দফা দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, কোনো নোটিশ ছাড়াই শিক্ষকদের চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
ঘটনার সূত্রপাত হয় সহকারী অধ্যাপক লায়েকা বশিরের বিরুদ্ধে হিজাব নিয়ে কটূক্তি এবং শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় অন্য এক শিক্ষককে শোকজ করার অভিযোগ ঘিরে। শিক্ষার্থীদের চাপের মুখে প্রশাসন তড়িঘড়ি করে লায়েকা বশির ও বিভাগীয় প্রধান এ এস এম মহসীনকে চাকরিচ্যুত করে। তবে অভিযোগ অস্বীকার করে ভুক্তভোগী শিক্ষকরা বলছেন, কোনো কারণ দর্শানো ছাড়াই তাদের বিদায় করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ছড়ানো তথ্যগুলো ভিত্তিহীন বা এআই (AI) দিয়ে তৈরি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এই ঘটনাকে ‘দঙ্গলবাজি’ ও প্রশাসনের ‘স্বেচ্ছাচারিতা’ হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, ভিন্নমতের কারণে শিক্ষকদের হেনস্তা করা এবং ধর্মানুভূতিকে ঢাল হিসেবে ব্যবহার করা একটি বিপজ্জনক নজির। বর্তমানে ক্যাম্পাস বন্ধ থাকলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের ১৬ দফা দাবিতে অনড় রয়েছেন এবং ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
Copyright © 2026 All rights reserved.