প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
ফেনীর ৩ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিন প্রার্থী তাদের নাম সরিয়ে নিয়েছেন। জেলা রিটার্নিং অফিসার মনিরা হক জানান, ফেনী-১, ২ ও ৩ আসন থেকে খেলাফত মজলিসের তিন প্রার্থী মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেন। বর্তমানে তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে টিকে রয়েছেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনী-১ আসন থেকে নাজমুল আলম, ফেনী-২ থেকে ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং ফেনী-৩ আসন থেকে মোহাম্মদ আলী মিল্লাত মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর আগে ফেনীর আসনগুলোতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। উল্লেখ্য, মৃত্যুজনিত কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটি বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে একটি অংশগ্রহণমূলক এবং ভীতিমুক্ত নির্বাচন উপহার দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করেছেন যে, প্রতিটি আসনে প্রার্থীরা যেন স্বাধীনভাবে প্রচার চালাতে পারেন এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে। ফেনীর মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলেছেন তিনি।
আলাউদ্দিন সবুজ/রাজধানী
Copyright © 2026 All rights reserved.