প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) জমা হচ্ছে নবম পে স্কেলের সুপারিশমালা। বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন তুলে দেবেন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়ছে।
নতুন এই বেতন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশ করা হয়েছে। সূত্র মতে, বর্তমানে সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা বেতন বেড়ে প্রায় দ্বিগুণ হচ্ছে এবং সর্বোচ্চ ধাপের ৭৮ হাজার টাকা বেড়ে ১ লাখ ২০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। ১ জানুয়ারি থেকে এটি আংশিক এবং ১ জুলাই থেকে পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য বাজেটে বাড়তি ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে, যা মেটাতে ইতোমধ্যে সংশোধিত বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর বিষয়ে শুরু থেকেই আন্তরিক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, দুর্নীতিমুক্ত এবং দক্ষ প্রশাসন গড়তে একটি সম্মানজনক বেতন কাঠামো অপরিহার্য। তবে রাষ্ট্রীয় কোষাগারের ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেদিকেও নজর দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। আগামীকাল প্রতিবেদনটি গ্রহণের পর তিনি এর বিভিন্ন দিক পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু করবেন।
Copyright © 2026 All rights reserved.