প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
পাবনার ঈশ্বরদীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী এক ট্রাকের ধাক্কায় রাফি (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফি স্থানীয় কালিকাপুর কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শেষে বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়েছিল রাফি। মহাসড়ক পার হওয়ার সময় পাবনা থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাকশী হাইওয়ে থানার ওসি মো. নান্নু খাঁন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বারবারই মহাসড়কগুলোতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ ও বিআরটিএ-কে নির্দেশ দিয়ে আসছেন। প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন যে, বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে কারো প্রাণ গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া স্কুল সংলগ্ন এলাকায় গতিরোধক স্থাপন ও ট্রাফিক সচেতনতা বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
Copyright © 2026 All rights reserved.