প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
১৯৬ আসনে জাপার চূড়ান্ত প্রার্থী ঘোষণা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৯৬টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এই তালিকা প্রকাশ করেন। আরও দুটি আসন বর্তমানে পেন্ডিং রয়েছে, যা চূড়ান্ত হলে ১৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিতিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাপা একটি গণমুখী ও দায়িত্বশীল নির্বাচনী প্রস্তুতি নিয়েছে। প্রার্থীরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলটির এই বড় আকারের অংশগ্রহণে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে আসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করেছেন যে, একটি গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচন নিশ্চিত করতে সব নিবন্ধিত দলের সক্রিয় অংশগ্রহণ জরুরি। প্রধান উপদেষ্টা প্রতিটি রাজনৈতিক দলকে তাদের নির্বাচনী প্রচারণায় সম্পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি মনে করেন, বড় দলগুলোর এই অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
Copyright © 2026 All rights reserved.