প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
সায়েন্সল্যাবে ঢাকা-আইডিয়াল কলেজ সংঘর্ষ: পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে মিরপুর রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই দিনে ঢাকা কলেজের সাতজন শিক্ষার্থী আইডিয়াল কলেজের ছাত্রদের হামলার শিকার হয়েছেন। বুধবার এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে আজ সকালে ঢাকা কলেজের ছাত্ররা ব্যান্ডেজ বেঁধে ক্যাম্পাসে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হলে সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর পুলিশ ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে একটি ‘শান্তিচুক্তি’ হলেও তা ভঙ্গ করে শিক্ষার্থীরা আবারও সহিংসতায় জড়িয়ে পড়ল। সায়েন্সল্যাব মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও বিকেল পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার সাধারণ যাত্রী। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.