প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
সিলেট থেকে ঢাকা: ৭ জেলায় সমাবেশ করবেন তারেক রহমান
প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। এই প্রচারণার অংশ হিসেবে একদিনেই সিলেট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সাতটি জেলায় বিশাল জনসভায় যোগ দিচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের পর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিকভাবে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
বিএনপি সূত্রের খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেটে প্রথম সমাবেশের মাধ্যমে তারেক রহমানের এই ম্যারাথন নির্বাচনী সফর শুরু হয়েছে। এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের শেরপুর ও দুপুর আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তাঁর জনসভা করার কথা রয়েছে। বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে স্থানীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন তিনি। সন্ধ্যার পর তিনি নরসিংদী পৌর পার্ক এবং রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে সর্বশেষ সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেটে পৌঁছে দুই মাজার জিয়ারত করেন তারেক রহমান এবং দক্ষিণ সুরমায় তাঁর শ্বশুরবাড়িতে রাত্রিযাপন করেন। আজকের এই সফরের মধ্য দিয়ে তারেক রহমান ঢাকা-সিলেট মহাসড়কের পাশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে দলীয় প্রার্থীদের পক্ষে গণজোয়ার তৈরির লক্ষ্য নির্ধারণ করেছেন। প্রতিটি সভাস্থলেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.