প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
১৬ বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে উন্নয়নের দোহাই দিয়ে দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটের প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। যারা দেশের ভেতরে ও বাইরে বসে অপতৎপরতা চালাচ্ছে, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। তিনি আরও যোগ করেন, দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং ভবিষ্যতেও জনগণের প্রতিরোধের মুখে কোনো অপশক্তি টিকবে না।
এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি মঞ্চে উঠলে হাজার হাজার নেতাকর্মীর গগনবিদারী স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বেলা পৌনে ১১টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশটি মাঠ ছাড়িয়ে পার্শ্ববর্তী কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। এই জনসভার মধ্য দিয়েই তারেক রহমান দেশব্যাপী বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা ও জনসংযোগের সূচনা করেন।
Copyright © 2026 All rights reserved.