প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
ভাসানটেকে আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার ঢাকা-১৭ আসনের ভাসানটেকে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল দেশের ৭টি জেলায় ম্যারাথন প্রচারণা ও জনসভা শেষে আজ ভোরে তিনি রাজধানীতে ফিরেছেন। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর ভাসানটেক বিআরবি মাঠে ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওই আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম আশা প্রকাশ করেছেন যে, গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজকের জনসভাতেও সাধারণ মানুষের বিশাল সমাগম ঘটবে।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে তারেক রহমান দেশজুড়ে ঝটিকা নির্বাচনী সফর শুরু করেন। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে প্রচারণা শুরু করে একে একে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ—এই ৭টি জেলায় নির্বাচনী সভায় অংশ নেন তিনি। রাতভর সফর শেষে শুক্রবার ভোর ৪টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। বর্তমানে ঢাকা-১৭ আসনে তার পক্ষে 'ধানের শীষ' প্রতীকের প্রচারণায় মুখর রয়েছেন দলীয় নেতাকর্মীরা।
Copyright © 2026 All rights reserved.