প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
নির্বাচনে জিতলে সব জেলায় মেডিকেল কলেজ হবে: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, তাদের দল ক্ষমতায় গেলে দেশের কোনো জেলা মেডিকেল কলেজবিহীন থাকবে না।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। এসময় তিনি উত্তরবঙ্গকে অবহেলার হাত থেকে রক্ষা করে একে স্বনির্ভর অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ঠাকুরগাঁওয়ে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই উত্তরবঙ্গের সাথে 'সৎমায়ের' মতো আচরণ করা হয়েছে এবং একে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। দেশের খাদ্য ও পুষ্টির বড় যোগানদাতা এই অঞ্চল হলেও এখানকার মানুষকে উন্নত চিকিৎসার জন্য প্রতিনিয়ত ঢাকা ছুটতে হয়। তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াত সরকার গঠন করলে প্রতিটি জেলায় এবং বিশেষভাবে ঠাকুরগাঁওয়ে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন করা হবে।
বক্তব্যে তিনি বেকারত্ব দূরীকরণের ওপর জোর দিয়ে বলেন, বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এছাড়া দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে লুটপাটের রাজনীতি বন্ধ করার ঘোষণা দেন তিনি। জনগণকে নিজেদের মূল শক্তি উল্লেখ করে জামায়াত আমির আরও বলেন, বৈষম্য, দুর্নীতি ও স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে একটি ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। ভোটারদের দীর্ঘদিনের ভোটাধিকার হরণের ক্ষোভ প্রকাশ করে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
Copyright © 2026 All rights reserved.